ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৮ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১২ জুন ২০১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৮ দিন পর শারমীন সুলতানা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনাহাটী গ্রাম থেকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেনের উপস্থিতিতে মিরপুর থানা পুলিশ মরদেহটি উত্তোলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার হরিনাহাটী গ্রামের ফজলু শেখের মেয়ে শারমীন সুলতানার সঙ্গে ৮ বছর আগে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাকরকান্দি গ্রামের রকমান মোড়লের ছেলে মহিউদ্দিন টিপুর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে শারমীনকে মহিউদ্দিন শারীরিক নির্যাতন করতো বলে শারমীনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

শারমীনের বাবা ফজলু শেখ বলেন, বিয়ের পরে মহিউদ্দিন আমার মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে বাসা ভাড়া করে বসবাস করে আসছিল। গত ১৩ মে রাতে আমার মেয়ে শারমীন স্ট্রোক করে মারা গেছে বলে মহিউদ্দিন আমাকে জানায়। পরদিন মরদেহটি দাফনের জন্য কোটালীপাড়ার হরিনাহাটী গ্রামের আমার বাড়িতে নিয়ে আসি।

দাফনের আগে গোসল করাতে গেলে মহিলারা আমার মেয়ে শারমীনের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পায়। তখন আমি কোটালীপাড়া থানায় ছুটে আসি। এ সময় পুলিশ আমাকে মিরপুর থানায় মামলা করার পরামর্শ দেয়। এর পর আমরা মরদেহটি দাফন করে মিরপুর থানায় গিয়ে মামলা করি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানা পুলিশের এসআই মো. আব্দুর রহিম বলেন, আদালতের নির্দেশ মোতাবেক মামলাটি তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি