সাংবাদিকরা সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন : চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আলোকিত সমাজ গঠনে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তারা সমাজের ভালো-মন্দ দিক নিয়ে লিখনীর মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।
শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধনকালে শহীদ ময়েজউদ্দিন সড়কের মহিউদ্দিন ম্যানশনে প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আদর্শ সমাজ গঠনে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের লেখনীর মাধ্যমে সকল প্রকার বাধা-বিপত্তি দূর করে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আরও বেশি দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা সহজ হবে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আলোকিত সমাজ প্রতিষ্ঠায় কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্গজ দত্ত, কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ, নিউজ জুম বাংলার সস্পাদক ও প্রকাশক ইউসুফ চৌধুরী প্রমুখ।
আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস