ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৮ জুন ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিবাদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আরিফ কাজি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল জানিয়েছেন, রাত ১০টার দিকে তিনি কয়েকজন সঙ্গী নিয়ে মোখলেচুর রহমান ওরফে মুকু মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যান। পথে ফলসি ব্রিজের কাছে পৌঁছলে সাবেক চেয়ারম্যান নওশের গ্রুপের লাল্টু সরদার ও তার ভাইয়েরাসহ বেশ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

এসময় তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কার চাচা শ্বশুর আরিফ কাজি ও কামাল শেখসহ (৩২) চারজন আহত হয়। গুরুতর আহত ওই দুইজনকে রাতেই গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আরিফ মারা যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নুর হোসেন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, কাশিয়ানী ইউনিয়নের নিজামকান্দি ইউনিয়নের নওশের গ্রুপ ও মুকু মাস্টার গ্রুপের মধ্যে অন্তত দুই যুগ ধরে ইউপি নির্বাচন ও এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

এস এম হুমায়ূন কবীর/এফএ/এমএস