ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্ত দিয়ে আসছে ফরমালিনযুক্ত ভারতীয় আম

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২০ মে ২০১৫

রসালো ফল আম। বিষযুক্ত ফরমালিন মেশানো ভারতীয় আমে বেনাপোল-শার্শা ফলের বাজার সয়লাব হয়ে গেছে। সীমান্ত পেরিয়ে আসছে ফরমালিনযুক্ত রসালো আম। স্থানীয় বাজারে দেশি আম না আসায় সুমিষ্ট ফলের নামে ভোক্তারা খাচ্ছেন ফরমালিন মিশ্রিত আম। অনেক ক্রেতা না জেনেই বেশি দাম দিয়ে কিনছেন দেখতে রং রঙা ও টসটসে ফরমালিন মেশানো আম। বিক্রেতারা জেনেও লাভের আশায় বিক্রি করছেন বিষযুক্ত আম। এ যেনো দেখার কেউ নেই। নির্বাক স্যানিটা ইন্সপেক্টরসহ প্রশাসনের সদস্যরা। পরীক্ষা ছাড়াই সীমান্ত পথে আসছে ভারতীয় রঙিন আম।

সীমান্তের চোরাগলি দিয়ে অবৈধ পথে প্রতিদিন আসছে ফরমালিন মেশানো বিষযুক্ত ভারতীয় আম। বাস ট্রাক, ট্রেন ও প্রাইভেট যোগে ঢাকা, খুলনা, যশোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন শহরে যাচ্ছে মৌসুমী রসালো ফল ভারতীয় আম। বেনাপোল শার্শা, নাভারন ও বাঁগআচড়া বাজারে ফলের দোকানে মিলছে ফরমালিন মেশানো চোখ ধাঁধানো রঙিন আম। ফরমালিনযুক্ত আমে ধরছে পঁচন যাচ্ছে শুকিয়ে। প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতারা। মেইন সড়কে ও ফুটপথে বসছে ভারতীয় বিষযুক্ত আমের পসরা।

দেশীয় আমের বাজার দখল করেছে ভারতীয় আমে। ক্রেতরা ঝুকছেন মোহনভোগ, রুপালী, লেংড়া, সেতি ভারতীয় হিমসাগর আম কিনতে। বেনাপোলে ভারতীয় আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। তবে ব্যবসায়ীরা বলেন, দেশি আম বাজারে না আসাই বেশি দামে ফরমালিন যুক্ত ভারতীয় আম বিক্রি করছেন তারা।

নাভারনে ভারতীয় আম ক্রেতা দীনা জামান ও শার্শা বাজারে আম কিনতে আসা মৌসুমী খাতুন বলেন, দেখতে ভাল হলেও মিষ্টি হয়নি এসব আম। বেশি দাম দিয়ে হলেও কিনছেন তারা। কি আছে আমে তারা জানেনা। বাচ্চাদের জন্য কিনছেন ভারতীয় আম।
বেনাপোল বাজারের ফল ব্যবসায়ী হযরত আলী বলেন, দেশি আম বাজরে এলে দাম কমে যাবে। ভারতীয় আম বিক্রি হচ্ছে ভাল। আমরাতো জানিনা আমে কি আছে দেখতে ভাল দাম বেশি হলেও মৌসুমী ফল হিসেবে কিনতে হচ্ছে। তবে দু-একদিন এসব আম বাসায় রাখলে শুকিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সীমান্তের চোরাপথে কিছু ফলমূল আসে এটা ঠিক। কিন্তু কিছু অসহায়, স্বামী পরিত্যক্তা মহিলারা এসব ফল নিয়ে আসে। আটক করলে হাত পা জড়িয়ে ধরে। মানবিক কারণে এদের কিছু বলা যায় না। এ করেই তারা সংসার চালায়।

উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার জানান, এবার উপজেলায় ৩১৫ হেক্টর জমিতে মোহন ভোগ, আম রুপালী, লেংড়া, ফজলি আমের চাষ হয়েছে। ফলন হয়েছে ভাল। দেশিয় আম বাজারে আসতে শুরু করেছে। দাম কমে আসবে বলে জানান তিনি।  বিষযুক্ত ফল খেয়ে মানবদেহে বাড়ছে মরণব্যাধি ক্যান্সার, জন্ডিস, ডায়াবেটিস, হৃদরোগ অঙ্গহানিসহ বিভিন্ন সমস্যা। সীমান্তের বাজারগুলোতে ভারতীয় আম বিক্রি হলেও প্রশাসনিকভাবে ফরমালিন ঢাকায় পরীক্ষা করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ কৃষি অধিদফতর বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক আমজাদ হোসেন বলেন, ভারত থেকে আমদানিকৃত পঁচনশীল সব পণ্যের পরীক্ষা করা হয় বেনাপোলে। তবে আম লিচু কমলাসহ কোনো ফল বেনাপোল দিয়ে আসে না। চোরাই পথে এসব ফল এসে থাকে। ফরমালিন পরীক্ষা করার কোনো যন্ত্রপাতি নেই আমাদের।

জামাল হোসেন/এআরএ//আরআইপি