ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টুম্পা হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ জুলাই ২০১৭

গাজীপুরের বহুল আলোচিত চাঞ্চল্যকর গৃহবধূ নুশরাত জাহান টুম্পা হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর নিহত টুম্পার স্বামী সোলায়মান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে প্রধান আসামি সোলায়মান মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত টুম্পার বাবা মো. নজরুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়া স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ঢাকা উত্তরার ৭নং সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় বসবাস করতেন।

ওই বাসাতেই গত বছর ১৮ সেপ্টেম্বর রাতে খুন হন গৃহবধূ নুসরাত জাহান টুম্পা। পরদিন ওই বাসা থেকে অচেতন অবস্থায় গৃহবধূ টুম্পাকে উদ্ধার করা হয়।

প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসকগণ জানিয়েছেন টুম্পাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ওই বছর ২০ সেপ্টেম্বর টুম্পার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর মো. সোলায়মান মিয়াকে প্রধান আসামি এবং তার বাবা, মা, ভাই, প্রেমিকা বুবলি, গাড়িচালক আমিরুলসহ ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

সোলায়মানের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে টুম্পাকে হত্যা করা হয় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মামলার প্রধান আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস