ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫টি অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৮:১৫ এএম, ২২ মে ২০১৫

যশোরের ঝিকরগাছায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫টি অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক কাজী মাহাবুবুর রহমান ওরফে কালা বাচ্চু (৪০) ঝিকরগাছা উপজেলার কাউড়িয়া গ্রামের কাজি সৈয়দ আহম্মেদের ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে ঝিকরগাছার কাউড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার ও আসামি আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঝিকরগাছা উপজেলার কাউড়িয়া গেটপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাশে অভিযান চালায়। এসময় মাহাবুবুর রহমান ওরফে কালা বাচ্চুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি নাইনএমএম পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ৩টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড শর্টগানের গুলিসহ ১টি পাইপগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, কালা বাচ্চু চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী, পেশাদার খুনি ও ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মিলন রহমান/এমজেড/এমএস