ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী-সন্তান নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরলেন জয়

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:০২ পিএম, ১৯ জুলাই ২০১৭

স্ত্রী-সন্তান আর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে পার্কে ঘুরে বেড়ান তিনি। এ সময় সাধারণ দর্শনার্থীদের মতোই পার্কের গাড়িতে চড়ে ম্যাকাউ ও প্যারট এভিয়ারিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, সাফারি পার্ক প্রকল্প পরিচালক সামসুল আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন বলেন, ওনারা ঘুরে বেড়ানোর পরে স্থানীয় গ্রিন ভিউ রিসোর্টে দুপুরের খাবার খান এবং বিশ্রাম সারেন।

তিনি বলেন, স্ত্রী-সন্তানসহ পরিবারের আট সদস্যকে নিয়ে সাফারি পার্ক পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এটা ছিল একেবারেই পারিবারিক সফর।

জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সাফারি পার্ক ঘুরে দেখে তিনি (জয়) সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, পার্কটিকে আরও ডেভেলপ করা দরকার, এজন্য যা যা করা দরকার, সেক্ষেত্রে সরকারকে তিনি বলবেন, সহযোগিতা করবেন।

পরে স্থানীয় নেতাকর্মীরা সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানাতে রাস্তার দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। তার আগমনকে ঘিরে এলাকায় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন