ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৫ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, জাতির জনকই কবি নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন। কুমিল্লায় সোমবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র মুক্ত সমৃদ্ধ দেশ এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। গত ৫ জানুয়ারি থেকে ৯৯ দিন একটি অশুভ শক্তি দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। সেই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার, নজরুল ইনস্টিটিউট ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ। স্বারক বক্তব্য রাখেন অধ্যাপক শান্তনু কায়সার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

এর আগে বিকাল ৪টায় প্রধানমন্ত্রী কুমিল্লায় পৌঁছান। তিনি ৪টা ২৭ মিনিটে অনুষ্ঠানস্থলের পাশে ২৫৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে জেলার বিভিন্ন এলাকার ১৯টি প্রকল্পের প্রতীকী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে ১৭৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ৭৭ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রায় ২৩ মিনিটের বক্তব্যের অধিকাংশ সময়ই প্রধানমন্ত্রী কবি নজরুলের সাহিত্য, দেশ প্রেম এবং মুক্তিযুদ্ধ ও বিট্রিশ বিরোধী আন্দোলনে কবির সঙ্গীত ও কবিতার প্রশংসা করেন।  

মো. কামাল উদ্দিন/এসএস/পিআর