ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপির সামনে নেতাকে গুলি, যুবলীগ কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৫১ এএম, ২১ জুলাই ২০১৭

জেলার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সম্মেলনে যুবলীগ নেতাকে গুলির ঘটনায় ৪ রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ মোকাররম নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পিস্তল থেকেই মোকাররম সম্মেলন চলাকালে যুবলীগ নেতা মাহবুবকে গুলি করেছিল বলে জানা গেছে। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মোকাররম দাউদকান্দি উপজেলার ছান্দ্রা গ্রামের রজ্জব আলীর ছেলে। 

এদিকে সন্ত্রাসীদের গুলিতে আহত ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মো. মাহবুব আলম সুবজকে ঢামেকে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর স্কুল মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে মাহবুবকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসী মোকাররম। এসময় অনুষ্ঠান মঞ্চে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন স্থান থেকে তখন মিছিল আসছিল হঠাৎ গুলির শব্দে অনুষ্ঠাস্থলে নেতাকর্মীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় মাটিতে পড়ে গিয়ে অন্তত ১০/১২ জন আহত হয়। একটি গুলি যুবলীগ নেতা মাহবুব আলম সবুজের ডান হাতে লাগে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গৌরীপুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকে প্রেরণ করা হয়। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গুলিটি হাতে লাগায় আহত যুবলীগ নেতা মাহবুব এখন আশংকামুক্ত। 

তিনি আরও জানান, যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল সেই অস্ত্রসহ মোকাররম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে এবং গুলি করে আহত করার ঘটনায় যুবলীগ নেতা মাহবুবের বোন ফরিদা ইয়াসমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কামাল উদ্দিন/এফএ/এমএস

আরও পড়ুন