কুমিল্লায় ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
সদ্য প্রকাশিত কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল আবু নাসেরকে প্রধান করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, এবছর কুমিল্লার বোর্ডের অধীন ৬ জেলার ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৪৯ হাজার ৭০৪ জন।
গড় পাসের হার ছিল ৪৯.৫২ শতাংশ। অস্বাভাবিক এ ফল বিপর্যয়ে চরম সমালোচনার মুখে পড়ে বোর্ড কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ফল বিপর্যয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কেন এই ফল বিপর্যয়?
এর কারণ অনুসন্ধানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাসেরকে আহ্বায়ক এবং উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একটি সূত্র জানান, চলতি বছরের গত এসএসসি পরীক্ষায়ও এ বোর্ডের ফলাফল বিপর্যয় ঘটেছিল। ফলাফল খারাপ হওয়ার বিষয়ে ওই সময় ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর জন্য অনুরুপ চিঠি দেয়া হয়েছিল। কিন্তু অবস্থার পরিবর্তন হতে পারে এমন কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এবার এইচএসসির ফল বিপর্যয় হওয়ায় ২০১টি প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হচ্ছে, কি হবে জানি না।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস ছালাম জানান, যেসব প্রতিষ্ঠান বোর্ডের গড় পাসের চেয়ে ফলাফল খারাপ করেছে তাদের নিকট থেকে জবাব পেয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ এবং ভবিষ্যতে এ সমস্যা সমাধানের বিষয়ে প্রতিবেদন দেবে।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম