পর্যটনের উন্নয়নে কাজ করবে জাপানের ইনাদা কোম্পানি
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে হোটেল ওশান প্যারাডাইসের চেয়ারম্যান এমএন করিম, জাপানের ইনাদা ইনকোর চেয়ারম্যান ইনাদা চাতারোসহ অন্যরা।
কক্সবাজারের পর্যটন শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য একযোগে কাজ করবে হোটেল ওশান প্যারাডাইস ও জাপানের ইনাদা ইনকো নামের একটি কোম্পানি। বুধবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দু’গ্রুপের চেয়ারম্যান।
ব্রিফিংকালে হোটেল ওশান প্যারাডাইসের চেয়ারম্যান এমএন করিম বলেন, জাপানের প্রসিদ্ধ কোম্পানি ইনাদা ইনকোর সাথে কক্সবাজার পর্যটন শিল্প বিকাশ করার নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। পর্যটন সেবার লক্ষ্যে কক্সবাজারে একটি ক্যাবল কার স্থাপন ও অ্যামিউজমেন্ট পার্ক করার ব্যাপারে প্রস্তাবনা দেয়া হয়েছে। তবে এটি ব্যয় বহুল ও সময় সাপেক্ষ। জাপানি কোম্পানি দেশে ফিরে তাদের সিদ্ধান্ত জানাবে বলে কথা দিয়েছেন।
জাপানের ইনাদা ইনকোর চেয়ারম্যান ইনাদা চাতারো বলেন, ৭১`র মুক্তিযুদ্ধের সময় তিনি ভার্সিটির ছাত্র ছিলেন। বাংলাদেশকে জাপান সরকার স্বীকৃতি দেয়ার পর থেকেই তিনি বাংলাদেশকে বন্ধু হিসেবে ভালবাসেন। সেই থেকে তার স্বপ্ন এদেশের জন্য কিছু করার। আজ সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে তার কোম্পানি ইনাদা ব্যাটারি ও ইনাদা ওয়াটার মেশিন বাজারজাত করছে। এটি তার জন্য গর্বের। তিনি কক্সবাজারের পর্যটনের উন্নয়নে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, ব্যবসার পূর্বশর্ত বন্ধুত্ব। এখন ওশান প্যারাডাইসের মাধ্যমে কক্সবাজারের সাথে তার বন্ধুত্ব হয়েছে। আর এ বন্ধুত্বকে চিরস্থায়ী রূপ দিতে তার কোম্পানি এখানে বিনিয়োগ করবে।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। তিনি বলেন, পর্যটনের উন্নয়নে যদি কোন বেসরকারি কিংবা যৌথ মালিকানাধীন কোম্পানি এগিয়ে আসে তবে তাদেরকে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে