দুই কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত থেকে ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকালে সাবরাং নাজিরপাড়া এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিকমূল্য ২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৯০০ টাকা।
গ্রেফতাররা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু দলিয়াপাড়া গ্রামের আবুল বশারের ছেলে মো. জুনায়েদ (২০) ও একই এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ জোহার (৩০)।
বিজিবি সূত্র জানায়, সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকার নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি।
এ সময় নৌকায় আরোহীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে নৌকাটি নদীতে ডুবে যায়। বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ডুবে যাওয়া নৌকাসহ মিয়ানমারের দুই নাগরিককে নাফনদী থেকে উদ্ধার করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকায় বাঁধা একটি বস্তা উদ্ধার করা হয়। তা খুলে ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিকমূল্য ২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৯০০ টাকা।
টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দিয়ে উদ্ধার ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি