ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে ভ্যানচাপায় শ্রমিক নিহত : মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৪২ এএম, ২৮ মে ২০১৫

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভ্যানচাপায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌণে ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শফিক (৪৩) স্থানীয় প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার উইভিং অপারেটর এবং

এ ঘটনায় বিক্ষুদ্ধ সহকর্মীরা ও পাশের ভিনটেক্স ডেনিম কারখানার শ্রমিকরা মহাসড়কে কিছু গাড়ি ভাংচুর এবং অবরোধ তৈরি করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে শ্রীপুর মডেল থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে গাড়ি চলাচল শুরু হয়।

নিহত শফিক সিরাজগঞ্জ সদরের দত্তবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে। এদিকে আহত হেলাল উদ্দিন (৩৬) একই কারখানার ইউটিলিটি সেকশনের অপারেটর এবং বগুড়া সদরের খামারকান্দি এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

শ্রীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, কারখানায় কাজে যাওয়ার পথে সকাল পৌণে ৬টার দিকে গিলারচালা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ভ্যান শফিককে চাপা দেয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শফিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে বিক্ষুদ্ধ সহকর্মীরা ও অন্য কারাখানার শ্রমিকরা রাস্তার পাশে দাড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। এসময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় এবং সকাল সোয়া ৭টার দিকে গাড়ি চলাচল শুরু হয়। পরে আহত হেলালকে ঢাকার উত্তরার সিনসিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফরোজা শারমিন জানান, নিহত শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ রিপোর্ট লেখার সময় নিহতের মরদেহ ওই হাসপাতালেই রয়েছে।   

এদিকে কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রোকিউরমেন্ট) এ এইচ এম আব্দুর রহমান হাসান জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারখানায় ‘এ শিফট’ (৬টা-২টা) এর কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর