ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যা নদী দখলদারদের প্রতি কঠোর হুশিয়ারি নৌমন্ত্রীর

প্রকাশিত: ০৯:৩৫ এএম, ৩১ মে ২০১৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দখলদারদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, নারায়ণগঞ্জে ২০ কিলোমিটার ব্যাপী ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কাঁচপুরে ১৫ একর জমি অবৈধ দখলমুক্ত করে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

রোববার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং স্টেশন সংলগ্ন স্থানে ১৪৭ শতাংশ জমিতে বিআইডব্লিউটিএ`র প্রস্তাবিত ইকো পার্কে বৃক্ষরোপণ শেষে এসব কথা বলেন।
 
নদী দখলদারদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী আরো বলেন, ওয়াকওয়ে নির্মাণ ও সীমানা নির্ধারণী পিলার স্থাপনের পরেও যারা নদী দখল ও ভরাট করার চিন্তাভাবনা করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। নদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এসময় কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের ইজারাদার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের (৭ খুনে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর) ইজারা বাতিল করে নদীর তীরে স্তুপ করে রাখা মালামাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করে নিলামে বিক্রির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। যার মধ্যে একটি রয়েছে নদীপথে ট্রেড সম্পর্কিত। এই চুক্তি দেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে। সাংবাদিকদের পক্ষে সংসদ সদস্য শামীম ওসমানের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কাঁচপুরে কেউ বেসরকারি উদ্যোগে ইকো পার্ক নির্মাণ করতে চাইলে তাকে অনুমতি দেয়া হবে।

পরে মন্ত্রী শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ওয়ার্কশপ, মেরিন স্টোর ও সেন্ট্রাল ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল ফেরিঘাটটি ফ্রি করার জন্য পদক্ষেপ নিতে বিআইডাব্লিউটিএ’র কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এসময় মন্ত্রী বলেন, জনগণের সেবার জন্য আমাদের যা যা করণীয় সবই করতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক প্রমুখ।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর