ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরের ডিগনিটি টেক্সটাইল কারখানায় আগুন

প্রকাশিত: ০১:০২ পিএম, ৩১ মে ২০১৫

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেতজুরী এলাকায় ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। রোববার দুপুর পৌণে ২টার দিকে কারখানার ৭ তলা ভবনের তিন তলার গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৬টা) পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক নাজমুন্নাহার কেমু জানান, ঘটনার সময় তৃতীয় তলায় দুপুরের খাবারের বিরতি চলছিল। এসময় তৃতীয় তলার গুদাম ঘরের দক্ষিণ পাশের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে আগুন লাগার খবরটি নিশ্চিত হওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়ে। আগুনে তৃতীয় তলার গার্মেন্টসসহ সকল সরঞ্জমাদি পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে প্রথমে শ্রীপুরের মাওনা ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভালুকার ২টি, শ্রীপুরের ২টি, গাজীপুরের ৩টি, টঙ্গীর ২টি, ইপিজেড এর ২টি ও সদর দফতরের ৩টি সহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান এবং শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনা স্থলে রয়েছেন।
                        
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি