টঙ্গীতে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে হ্যান্ডকাফসহ জামাল হোসেন ওরফে গাইট্টা জামাল (৩৫) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছে। রোববার দুপুরে বাস্তহারা এলাকা থেকে গ্রেফতারের পর পুলিশের ভ্যান থেকে তিনি পালিয়ে যান। জামাল টঙ্গী থানা পুলিশের সোর্স রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
জানা যায়, রোববার দুপুর ২টার দিকে বাস্তহারা এলাকার নিজ বাসা থেকে জামালকে গ্রেফতার করে উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। এসময় মনিরের সঙ্গে ৪/৫ জন কন্সটেবলও উপস্থিত ছিল। গ্রেফতারের পর হ্যান্ডকাফ পরিয়ে তাকে গাড়িতে উঠানো হয়। এর ফাঁকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যায়।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হ্যান্ডকাফটি বাস্তুহারা এলাকার ৫নং ব্লকের কবরখানা মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ জানান, আসামি পালানোর কথা শুনেছি। বিষয়টি নিশ্চিত হলে এবং কাজে অবহেলা পাওয়া গেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ মে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জেরে পুলিশের সোর্স রাসেলকে কুপিয়ে হত্যা করে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। এ ঘটনার পর দিন নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। আর এ মামলার এজাহারভূক্ত আসামি জামাল।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই