ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁপে চাষ করে সাবলম্বী ঝিকরগাছার মহসিন

প্রকাশিত: ১০:০৮ এএম, ০২ জুন ২০১৫

সবজি চাষে বিপ্লব ঘটিয়েছে যশোরের ঝিকরগাছা থানার বেড়ারুপানি গ্রামের মহসিন আলম। মাত্র ১৪ বছর বয়স থেকে বাবার চাষের জমিতে ঝাল, আলু, পিঁয়াজ, পেঁপে, কলা ইত্যাদি সবজি চাষ করতে থাকেন। লেখাপড়ার পাশাপাশি চাষ কাজে সফলতা দেখিয়ে চলেছে মহসিন। তবে বিভিন্ন ধরনের সবজির মধ্যে পেঁপেকে প্রধান্য দেন মহসিন।

মহসিনের বয়স যখন ১৪ বছর তখন তার বাবা দৃষ্টিহীন হয়ে যায়। সেই থেকে পেঁপে চাষকে ধারাবাহিকভাবে ধরে রেখেছে সে। চাষযোগ্য মোট জমি থেকে সাড়ে ৭ বিঘা জমিতে টানা দশ বছর ধরে পেঁপে চাষ করে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠছেন ক্রমান্বয়ে।

এদিকে, দৃষ্টিহীন বাবার জীবন থেকে হারিয়ে গেছে দশটি বছর। বাবা মায়ের আদরের সন্তান মহসিন আলম এখন যশোর উপশহর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। মেধা আর শ্রমকে একনিষ্ঠভাবে কাজে লাগিয়ে মহসিন আজ সমাজের একজন হয়েছেন। দশ বছরে বিভিন্ন সবজি চাষের পাশাপাশি পেঁপে চাষে ব্যাপক সফলতার দৃষ্টান্ত রেখেছে।

মহসিন আলমের পেঁপে চাষের জমি পরিদর্শনকালে দেখা যায়, চোখ ধাঁধানো পেঁপের বাম্পার ফলন।

মহসিন আলম জানায়, বিগত দশ বছর ধরে ধারাবাহিকভাবে পেঁপে চাষ করে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা আয় করেছেন। মহসিনের পিতার নাম ছিদ্দিক হোসেন। ভাগ্যের নির্মমতায় দু‘চোখ হারিয়ে আজ একটি লাঠি তার চলার সঙ্গী। মুখে বাক শক্তি থাকলেও না দেখার কারণে সারাদিন তাকে বোবাবনে থাকতে হয়। আজ সন্তানের ব্যাপক সফলতা চোখে না দেখলেও অন্তর দিয়ে উপলব্ধি করেন তিনি।

ছিদ্দিক হোসেন বলেন, আমি অন্ধ। কিছু দেখতে পারি না। কিন্তু সন্তানের সাফল্য-উন্নতি বলে দিচ্ছে আমি একজন সৌভাগ্যবান পিতা। সমাজের সব যুবক যেন কৃষি ও চাষ কাজে উদ্বুদ্ধ হয়ে ব্যাপক সফলতা দেখাতে পারে এমনটিই কাম্য।

মো. জামাল হোসেন/এসএস/পিআর