কুমিল্লায় বাসে পেট্রলবোমা, দগ্ধ ৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ৭ জন। মঙ্গলবার রাত ১২ টায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এরা হলেন, রাঙামাটি সদরের ভবেন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে অঞ্জন কুমার দেবনাথ (৪০) ও হরিপদ শর্মার ছেলে রঞ্জিত শর্মা (৩৫)।
কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল এবং পুলিশ সুপার মো. শাহ আবিদুর রহমান বুধবার সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনকে দেখতে যান। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব ১৪-৭৬৪৮) চান্দিনা পাট গবেষণা কেন্দ্র এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোঁড়ে। এতে ৭ জন দগ্ধ হয়। আহতদের প্রথমে পার্শ্ববর্তী ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল জানান, ৭ জনের মধ্যে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে, ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর ৩ জন বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। 
আহতদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, রাঙামাটি সদরের বড়ধোনা এলাকার যুক্তমনি চাকমার ছেলে খোকন চাকমা (৩৩), রাঙামাটি সদরের সুনীল চন্দ্র নাথের ছেলে সুমন চন্দ্রনাথ (৩০), গোপালগঞ্জ সদরের এমরান (২৫)। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম ফারুক (২৫) ও তার স্ত্রী লাভলী আক্তার।
মো. কামাল উদ্দিন/এসএস/এমএস