ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি দাবি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:৩০ এএম, ১৬ আগস্ট ২০১৭

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ধামতী দক্ষিণ খাঁর গ্রামের প্রবাসী আখতারুজ্জমানকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিবাদী জনগণ ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে ২০১৩ সালের ৪ নভেম্বর প্রবাস ফেরত আখতারুজ্জমানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার ছোট ভাই আবু হানিফ বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন।

জেলা ডিবি পুলিশ ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রবাসীর স্ত্রী ছালমা আক্তার ও তার প্রেমিক নুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। গত ৯ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী অভিযুক্ত নিহতের স্ত্রী দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের সালমা আক্তার ও তার পরকীয়া প্রেমিক ধামতী গ্রামের নূরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডাদেশ দেন।

এদিকে, ওই দুই আসামির ফাঁসির দাবিতে বুধবার দুপুরে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন ধামতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সফিকুল ইসলাম, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ডা. তোফায়েল হোসেন, আবু হানিফ, মাওলানা নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শিক্ষক মামুন সেন, আবদুল কাদের, খোকন প্রমুখ।

এ সময় মামলার বাদী আবু হানিফ বলেন, আমরা আপিল করব, আশা করি আদালত তাদের সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনা করবে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম