ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগের দাবিতে কুবির সেই শিক্ষককে ছুটিতে পাঠাল প্রশাসন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:০২ পিএম, ১৭ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগ ওঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে।

গত দুদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অচল থাকার পর ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর খবরে কুবি প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে কুবি ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি তদন্তে কুবির ভিসি চার সদস্যের তদন্ত কমিটি গঠনসহ ওই শিক্ষককে এক মাসের ছুটিতে পাঠিয়েছেন বলে কুবি প্রশাসন সূত্র জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শোক দিবসের অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক ভুঁইয়া শিক্ষার্থীদের ক্লাস নেন বলে অভিযোগ তুলে বুধবার থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা কুবির প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন।

এতে গত দুদিনে কুবির বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে কুবির ভিসি প্রফেসর ড. আলী আশরাফ বিষয়টি তদন্ত করতে সিন্ডিকেট সদস্য ডা. মোসলেহ উদ্দিন আহাম্মদকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন।

কমিটির দুই সদস্য হচ্ছেন কুবির অধ্যাপক সহিদুুর রহমান এবং সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের।

এছাড়া আগামী ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ওই শিক্ষককে এক মাসের ছুটি দেয়া হয়েছে। কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এ ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুঁইয়া তারেক বলেন, আমি শোক দিবসের অনুষ্ঠান শেষ করার পর বিভাগের প্রথম ব্যাচের ১০/১২ জন শিক্ষার্থীর অনুরোধে তাদের একটি বিষয়ে সমস্যা থাকায় তা বুঝিয়ে দিতে কিছু সময় দিয়েছিলাম। এ বিষয়ে যাদের ক্লাস নেয়ার অভিযোগ তোলা হয়েছে, ওই ব্যাচের ক্লাস অনেক আগেই শেষ হয়ে সেই ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। ইতোমধ্যে একটি পরীক্ষা অনুষ্ঠিতও হয়েছে। সুতরাং এখন তাদের কোনো ক্লাস নেয়ার সুযোগ নেই। এ নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জানান, মাহবুবুল হক ভুঁইয়া তারেক শোক দিবসের দিন ক্লাস নিয়ে জাতির পিতাকে অবমাননা করেছেন। তবে কুবি প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

কুবির ভিসি প্রফেসর ড. আলী আশরাফ জানান, বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে ওই শিক্ষককে এক মাসের ছুটি দেয়া হয়েছে। আগামী রোববার থেকে বিশ্ববিদালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে বলেও জানান ভিসি ড. আলী আশরাফ।

মো: কামাল উদ্দিন/এএম/আইআই

আরও পড়ুন