ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুসিকের ময়লার স্তুপ সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ জুন ২০১৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ সরিয়ে নেয়ার দাবিতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঝাকুনিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কবির রানা, রাজিব চন্দ্র ও সুমন চৌধুরী জানান, এ ময়লা-আর্বজনার গন্ধ এবং ময়লা আর্বজনায় অগ্নিসংযোগের ফলে নির্গত বিষাক্ত ধোঁয়ায় ওই এলাকায় তাদের বসবাস করা অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এতে নারী ও শিশুরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

এ নিয়ে স্থানীয়রা সিটি কর্পোরেশন মেয়রের নিকট আবেদন করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকায় রাস্তার পাশে গত ৪০ বছর ধরে সিটি কর্পোরেশন তাদের ক্রয়কৃত সম্পত্তিতে প্রতিদিন ময়লা-আর্বজনা ফেলে আসছে। প্রতি সপ্তাহে এতে অগ্নিসংযোগ করে ময়লা-আবর্জনা গুলো পোড়ানোর সময় বিষাক্ত ধোয়া নির্গত হচ্ছে। এতে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষ ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধোয়ার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে।

এলাকাবাসী অবিলম্বে জনস্বাস্থের কথা বিবেচনা করে এ ময়লার স্তুপ জনবহুল ওই এলাকা থেকে স্থানান্তর কিংবা আধুনিক পদ্ধতিতে তা প্রক্রিয়াজাত করনের দাবি জানিয়েছে।

এ বিষয়ে বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহ জানান, সিটি কর্পোরেশনের নিজস্ব ১০ একর সম্পত্তিতে ময়লা ফেলা হচ্ছে, তবে জনস্বাস্থের কথা বিবেচনা করে আধুনিক পদ্ধতিতে ময়লা ডাম্পিং করতে কয়েকটি বেসরকারি সংস্থার সাথে আমাদের আলোচনা চলছে, হয়তো শিগগিরই এ বিষয়ে চুক্তি হতে পারে।

কামাল উদ্দিন/এসএইচএস/পিআর