ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা বাড়ছে

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৬ জুন ২০১৫

নারায়ণগঞ্জ জেলায় ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত একমাসে নারায়ণগঞ্জে ৭টি ধর্ষণ ও ৩টি ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ স্কুল ছাত্রী ছাড় পায়নি। যে হারে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা বাড়ছে তাতে অভিভাবকরা তাদের কন্যাদের নিয়ে শঙ্কায় পড়েছেন।

তথ্যমতে, ৫ জুন দুপুরে বাড়িওয়লা কর্তৃক ভাড়াটিয়ার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর মারধর করার ঘটনা ঘটে। ফতুল্লার মাসদাইর গাবতলী মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে বাড়িওয়ালা হাসানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

৭ মে বন্দর উপজেলায় নিখোঁজ স্বামীর খোঁজ দেয়ার কথা বলে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করেছেন ভাষুর। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। ১১ মে সোনারগাঁও উপজেলায় গার্মেন্টের শ্রমিকবাহী একটি বাসে নারী শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে। বাসের চালক, হেলপারসহ ৩-৪ জন মিলে ওই গণধর্ষণের ঘটনা ঘটান। রাতভর ধর্ষণের পর ১২ মে সকালে ওই নারী শ্রমিককে উদ্ধার করা হয়।

১৪ মে আড়াইহাজারে ৪ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার দিনমজুরের ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী ৪ সন্তানের জনক জসীমউদ্দিন পালিয়ে যান। ১৮ মে বন্দর উপজেলার এলাকায় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম কালীপুরী (৩৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বন্দর উপজেলার কাইকারটেক গুদারাঘাট এলাকার আদর্শ কিন্ডার গার্ডেন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
       
২৩ মে বন্দর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণে ব্যর্থ হয়ে শরীরের ৪ স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়েছেন ধর্ষণ চেষ্টাকারী এক যুবক। ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় অভিযোগ করেছেন। ২৩ মে ফতুল্লায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

২৪ মে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় খালার বাসায় বেড়াতে এসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খালুর বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। ২৭ মে ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকায় কৃষকলীগ নেতা হুমায়ুন কবিরের ছেলে বাপ্পী একটি মামলায় জামিন নিয়ে এসেই একজন গৃহবধূর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেছনে বলে অভিযোগ উঠে।

২৯ মে ফতুল্লায় তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে গার্মেন্ট কর্মকর্তা সুলতান মাহমুদকে (৩৭) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সুলতান মাহামুদ ফতুল্লার শেহাচর হাজী ওবায়দুল্লাহর বাড়ির ভাড়াটিয়া মৃত হোসেন আলী গাজীর ছেলে। ২৯ মে বন্দর উপজেলায় পৃথক ২টি ধর্ষণের ঘটনায় এক ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। উভয় ঘটনায় বন্দর থানায় মামলা হয়।
 
এদিকে নারায়ণগঞ্জে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হলেও কিছুদিন হাজতভোগের পর জামিনে বের হওয়ায় সচেতন মহলের মাঝে ক্ষোভে বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় কঠিন শাস্তির বিধান (আইন) থাকলে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা কিছুটা হলেও কমে আসতো বলে সচেতন মহল মনে করছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. মুহিদ উদ্দিন খন্দকার জাগো নিউজকে জানান, যতগুলো ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। এসব অপরাধীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। যারা ধর্ষণ করে তাদের মতো জঘন্য অপরাধী নেই।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস