ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে চুরির সময় ট্রলার জব্দ

প্রকাশিত: ১১:২৫ এএম, ০৬ জুন ২০১৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বক্তারকান্দি এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডে একটি ফেরির মালামাল চুরির সময় চোরাইকৃত মালামালসহ একটি ট্রলার আটক করেছে নৌ-ফাঁড়ি পুলিশ। তবে পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিসির ৪নং ডকইয়ার্ডে বিআইডব্লিউটিসির মালিকানাধীন রানীগঞ্জ ড্রাম ফেরি নামের একটি ফেরি নোঙর করা ছিল। শনিবার ভোর রাতে ওই ফেরি থেকে একটি সংঘবদ্ধ চোরের দল ফেরির মূল্যবান লোহার সামগ্রী ট্রলারে নামাচ্ছিল। পরে পুলিশকে খবর দেয়া হলে নৌ-ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে টের পেয়ে চোরের দল পালিয়ে যায়। এরপর লোহার সামগ্রী বোঝাই ট্রলারটি জব্দ করে পুলিশ।

নারায়ণগঞ্জ নৌ-ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম জাগো নিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালালে চোরের দল চোরাইকৃত মালামাল বোঝাই ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দ করা হয়।

বিআইডব্লিউটিসির ৪নং ডকইয়ার্ডে ম্যানেজার মন্তোষ কান্তি জাগো নিউজকে জানান, ফেরিটি বিআইডব্লিউটিসির হলেও সেটি মেরামতের কোন কাগজপত্র আমাদের দেয়া হয়নি। ফেরিটি কবে আমাদের ডকইয়ার্ডে নোঙর করা ছিল সেটিও আমি জানি না। তবে শুক্রবার গভীর রাতে চুরির সময় ট্রলার জব্দের ঘটনাটি শুনেছি।

মো.শাহাদাৎ হোসেন/এসএস/আরআই