যশোরে ইজিবাইক ও ইঞ্জিন রিকশা চালকদের সংঘর্ষ
যশোরে ইজিবাইক ও ইঞ্জিন রিকশা চালকদের মধ্যে সংঘর্ষে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শহরের বিভিন্ন স্থানে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় শতাধিক ইজিবাইক ও রিকশা ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ১০ জন চালক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুরে এ তাণ্ডবকালে গোটা শহর বাহনশূন্য হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়তে হয় শত শত মানুষকে।
ইজিবাইক চালকরা জানান, গত ১ জুন থেকে যশোরের ইঞ্জিন (মোটর) চালিত রিকশা চলাচল বন্ধ করেছে প্রশসান। এরপর থেকে ইঞ্জিন রিকশা চালকরা ইজিবাইক বন্ধের দাবি করে আসছিলেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে রিকশা চালকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে শহরে মিছিল করেন। এক পর্যায়ে মিছিল থেকে শহরের বিভন্ন স্থানে হামলা চালিয়ে অর্ধশতাধিক ইজিবাইকে ব্যাপক ভাঙচুর করা হয়। এসময় লিটন, আমিরুল, আজিজুল, শাহাদাত, ফারুক, রাকিব, রবিউল, জয়নাল ও আজিজুল নামের অন্তত ১০ জন ইজিবাইক চালক আহত হন।
পরে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর ইজিবাইক চালকরা সংগঠিত হয়ে শহরের মোড়ে মোড়ে রিকশা ভাঙচুর করেন। এক পর্যায়ে শহরে ইজিবাইক ও রিকশা শূন্য হয়ে যায়। রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
কয়েকজন রিকশা চালক জানান, ইঞ্জিন চালিত রিকশা চালকরা ইজিবাইকের ওপর হামলা করে ভাঙচুর করেছেন। পরে ইজিবাইক চালকরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালিয়ে সব রিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জাগো নিউজকে জানান, রিকশা চালকদের হামলায় প্রায় ৪০/৫০টি ইজিবাইক ভাঙচুরের খবর পেয়েছি। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে ইজিবাইক চালকরাও রিকশা চালকদের ওপর হামলা করেছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় শহরে ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ইজিবাইক ও রিকশা চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত রিকশা চলাচলে অনুমতি দেয়া হচ্ছে না।
মিলন রহমান/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬