ডিবির কনস্টেবলকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন ডিবি পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ সময় ছুরির আঘাতে আরও ১৬ জন আহত হয়েছেন। উপজেলার নদীবেষ্টিত দুর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রুবেল (৩০)। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা রূপ মিয়ার ছেলে এবং ঢাকা ডিবি পুলিশের কনস্টেবল।
আহতরা হলেন- জামির, জমির হোসেন, আলমগীর হোসেন, শাহীনুর, সুজন ও শিমুলসহ ১৬ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন সমর্থক মহিউদ্দিন, বেদেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফরিদের সঙ্গে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রূপ মিয়া মেম্বারের বিরোধ চলছিল।
বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে চেয়ারম্যানের সমর্থকরা রূপ মিয়ার কালাহাড়িয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ঈদে ছুটিতে আসা কনস্টেবল রুবেলকে কাছে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তখন বাধা দিতে আসলে ৮-১০ জনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে তারা। এরপর গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায় তারা।
রূপ মিয়া জানান, তার ছেলে রুবেল ঢাকা ডিবিতে কর্মরত। ঈদের ছুটিতে বাড়ি আসলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা পরিদর্শনে গেছেন। পুলিশের কনস্টেবল রুবেলের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
শাহাদাত হোসেন/এএম/পিআর