ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর ওড়নায় ফ্যানে ঝুললেন স্বামী

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্ত্রীর ওড়নায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সুজন মিয়া (৩০) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার অলুয়া গ্রাম থেকে মৃত ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। মৃত এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের এসআই জহুরুল ইসলাম।

মৃত সুজন উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তার সংসারে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুজন গাজীপুর জেলার টঙ্গীতে থাকত। সম্প্রতি কালীগঞ্জের অলুয়া গ্রামে বাড়ি করে বসবাস করছিল। কাজ-কর্ম বলতে কিছুই করতো না। সব সময় নেশাগ্রস্ত থাকত। মাঝে মধ্যে নেশার টাকা না পেলে বাড়িঘর ভাঙচুর করতো।

মঙ্গলবার রাতে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। রাতে বাড়ির একটি ঘরে একা ঘুমিয়ে পড়ে। এ সময় স্বামীর ভয়ে মেয়েকে নিয়ে পাশের ঘরে শুয়ে ছিল স্ত্রী।

বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। কিন্তু কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে গলায় স্ত্রীর ওড়না পেঁচানো সুজনের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। স্থানীয়দের সহযোগিতায় থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে মৃত সুজনের স্ত্রী সানজিদা লিপু বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম