ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন মঙ্গলবার থেকে

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০১:০৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

সোমবার থেকে হওয়ার কথা থাকলেও দাপ্তরিক সমস্যার কারণে নির্দিষ্ট সময়ে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু করতে পারেনি কক্সবাজার জেলা প্রশাসন। তবে আগামীকাল মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চালুর আশাবাদ ব্যক্ত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন।

তিনি বলেন, দাপ্তরিকভাবে কিছু সমস্যার কারণে সোমবার নির্ধারিত রোহিঙ্গা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আমরা সব কাজ গুছিয়ে নিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) রোহিঙ্গা নিবন্ধনের আনুষ্ঠানিকতা শুরু করতে পারব বলে ধারণা করছি। সবকিছু ঠিক থাকলে প্রতিদিন গড়ে ৭০০ রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা এমনই ধারণা দিয়েছেন বলে উল্লেখ করেন ইউএনও।

রোহিঙ্গা ইস্যু নিয়ে খোলা কন্ট্রোলরুমের ইনচার্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালেদ মাহমুদ জানান, রোহিঙ্গাদের জন্য উখিয়ার কুতুপালং এলাকায় ২০০ নতুন ঘর তৈরির সিদ্ধান্ত হয়েছে। এসব ঘরে সাময়িকভাবে রোহিঙ্গাদের রাখা হবে। বর্তমানে এখানে এক হাজার ৬০০ পরিবার অবস্থান করছে। পরবর্তীতে আরও ঘর নির্মাণ করে সব রোহিঙ্গাকে একসঙ্গে একই এলাকায় রাখা হবে।

উল্লেখ্য, নিজ দেশে জাতিগত সহিংসতায় নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে লাখ লাখ রোহিঙ্গা নারী-শিশু ও পুরুষ। ২৪ আগস্ট আনান কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর দিবাগত রাতে আরাকান রাজ্যে পুলিশ পোস্টে হামলার অভিযোগে রোহিঙ্গাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে অভিযানের নামে সেদেশের সেনা-পুলিশ।

তারা সাধারণ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন দিয়ে ধ্বংসস্তুপ বানাচ্ছে গ্রামের পর গ্রাম। ঘটনার পর থেকে সীমান্তের জিরো পয়েন্টে এসে জড়ো হয় আতঙ্কিত হাজার হাজার রোহিঙ্গা নারী-শিশু-পুরুষ। তখন তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়া হলেও ১ সেপ্টেম্বর রাত থেকে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকা শুরু করে।

গত ১২ দিনে ৪ লাখের অধিক নতুন রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে টেকনাফ-উখিয়ায় আশ্রয় নিয়েছে। সহযোগিতা দেয়া ও নিরাপত্তার সুবিধার্থে এসব রোহিঙ্গাকে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। সে অনুযায়ী সোমবার থেকে তাদের নিবন্ধন কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু তা ঘোষণা মতো শুরু করতে পারেনি সংশ্লিষ্টরা।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস