কারাগারে বিএনপি নেতার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বাঘারপাড়া পৌর বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। মৃত বদিউর রহমান বদি (৫০) বাঘারপাড়া পৌর এলাকার আব্দুল গনি শিকদারের ছেলে ও বাঘারপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি।
বিএনপির অভিযোগ, কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপি মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনও করেছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট বাঘারপাড়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এ মামলায় ওইদিন সন্ধ্যায় বদিউর রহমান বদিকে গ্রেফতার করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২৬ আগস্ট আদালত বদিউর রহমানকে কারাগারে পাঠায়। সোমবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বদিউর রহমান বদির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বদিউর রহমান বদি বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক।
সোমবার কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু যথাসময়ে তার কোনো চিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ করেনি। ফলে মৃত্যুর পর মধ্যরাতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়ার সুযোগ পাননি। কারণ আগেই তার মৃত্যু হয়েছে।
সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেন, এর আগেও বিএনপি একাধিক নেতাকর্মী কারাগারে অবহেলায় মারা গেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।
তবে কারা কর্তৃপক্ষের অবহেলা প্রসঙ্গ কারাগারের জেলর আবু তালেব ওই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে