কক্সবাজারে মানবপাচারে অভিযুক্ত ৬ জন গ্রেফতার
প্রতীকী ছবি
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মানবপাচারে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মুহাম্মদ সাকের (২২) নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার সাইকম এলাকার মোছন আলীর ছেলে। তিনি বর্তমানে কুতুবদিয়াপাড়ায় বসবাস করছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কক্সবাজার থানায় মানবপাচারের অভিযোগে মামলা রয়েছে।
মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে মুহাম্মদ হাসান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। তিনি মহেশখালীর হাজিয়াকাটার গোলামবারীর ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা রয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ।
অপরদিকে, টেকনাফ থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। তারা হলো, শাহপরীর দ্বীপ এলাকার মৃত নবী হোসেনের ছেলে জামাল হোসেন (২৯), সাবরাং-এর কোয়ানছড়ির নুরুল ইসলাম ফকিরের ছেলে মুহাম্মদ আবদুল্লাহ (৩৫), বাহারছরা এলাকার জহির আহমদের ছেলে মুহাম্মদ আলম (২৮) ও হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত গোলামবারীর ছেলে আবদুল কুদ্দুস (৪৫)। তাদের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে থানায় মামলা রয়েছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব গ্রেফতারের তথ্য জানান।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস