ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর মিলল বাসচালকের মরদেহ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর বাসচালক শাহাবউদ্দিনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালদি পৌরসভার রামচন্দ্রদী বাসস্ট্যান্ড এলাকার ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, গত তিনদিন আগে শাহাবউদ্দিন তার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজার পর তাকে না পেয়ে তার স্ত্রী ও মেয়ে রামচন্দ্রদী বাসস্ট্যান্ড এলাকাতে ভাড়া নেয়া বাড়িতে যান। সেখানে গিয়ে তারা ঘর তালাবদ্ধ পান। এক পর্যায়ে নিহতের স্ত্রী জানালা দিয়ে ঘরের ভেতরে তাকালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে শাহাবউদ্দিনের শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। বাইরে থেকে তালা লাগানো হওয়ায় ঘটনা রহস্যের সৃস্টি হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

শাহাদাত হোসেন/আরএআর/আইআই