বিজিবি-বিজিপি পতাকা বৈঠক রোববার
আগামীকাল রোববার কক্সবাজারে বাংলাদেশ বর্ডার গার্ড`র (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক করবে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
সকাল ১০টায় কক্সবাজারস্থ তারকা হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলন কক্ষে দু’দেশের রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। অপরদিকে, মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো।
পতাকা বৈঠকে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিকটবর্তী স্থানে ফায়ারিং, নাফ নদীর কিনারায় বাঁধ নির্মাণ ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এক তথ্য বিবরণীতে উল্লেখ করেছেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার অফিসের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম।
এমএএস/আরআই