টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোর ৫টার দিকে দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ভোরে দমদমিয়া বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে টহল দল ওমরখাল বরাবর নাফ নদীর কিনারায় যান। ওই সময় মিয়ানমার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ওমরখাল বরবার নাফ নদীর কিনারায় এসে একজন লোককে নামিয়ে দিয়ে পুনরায় মিয়ানমারের দিকে যাওয়ার প্রাক্কালে টহলদলের দৃষ্টি গোচর হয়। টহলদল বোট থেকে নামা ব্যক্তিকে দাঁড়াতে বললে হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত দৌঁড়ে কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়। টহল দল ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায়।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/আরএআর/আইআই