ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে পুলিশ কনস্টেবল হত্যায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের কনস্টেবল রুবেল মাহমুদ সুমন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার পটুয়াখালী ও বৃহস্পতিবার রূপগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেফতাররা হলেন- আড়াইহাজার থানা কালাপাহাড়িয়া এলাকার মৃত আজগর আলীর ছেলে পাবেল (৩০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে ইয়াসিন (২৬) ও আড়াইহাজারের খালিয়ারচর এলাকার শাহ আলমের ছেলে ইমন আলী (২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পাবেল ও ইয়াসিনকে পটুয়াখালীর আমখলা গ্রামের গভীর জঙ্গলের পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করার পর তাদের দেয়া তথ্যমতে রূপগঞ্জের বরপার লিটন মিয়ার বাড়ি থেকে ইমন আলীকে গ্রেফতার করা হয়। এদের তিনজনই রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, আসামিরা কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের হুকুমে ও প্রত্যক্ষ নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি বিভিন্ন প্রকার রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, বিস্ফোরক দ্রব্যসহ সজ্জিত হয়ে বাদীর বসতবাড়ি ঘেরাও করে বাড়ির সকলকে কুপিয়ে যখম করে। এ সময় ছুটিতে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কনস্টেবল রুবেল মাহমুদ সুমনকে হত্যাসহ বাড়ির ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রুবেলের ভাই কামাল হোসেন আড়াইহাজার থানার হত্যা মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা।

শাহাদাত হোসেন/আরএআর/আইআই