বাঞ্ছারামপুরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে মোট ৯টি ভোট কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসেন ভোটাররা। এ নির্বাচনের মাধ্যমে ১৭ হাজার ৪৬৬ জন ভোটার তাদের প্রথম পৌর মেয়র নির্বাচিত করবেন।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেনের সঙ্গে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আরেক মেয়র প্রার্থী টিপু মোল্লার সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এতে চ্যানেল টোয়েন্টিফোর এর নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামি ও চিত্র সাংবাদিক প্রকাশ লাল দাসসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, দুপুর দেড়টার দিকে পৌর এলাকার জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন ও মনির হোসেনের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই