ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে হত্যার পর ডাকাতি
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পতিত পাবন বণিক (৯০) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার পর ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলার গ্রীন রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাসনা বণিক (৭৫) আহত হয়েছেন।
আহত বাসনা বণিক জানান, ভোরে পাবন বণিক প্রাকৃতিক কাজ সারতে ঘর থেকে বের হন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল স্বশস্ত্র ডাকাত দল তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বাড়ির বারান্দায় ফেলে রাখেন। পরে ডাকাতরা বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে এবং এলোপাথারি মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেন। এসময় আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস