কোনো অপশক্তির কাছে মাথা নত করব না : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জে কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। ষড়যন্ত্রকারীরা ১৪ বছরে চেষ্টা করে আমাকে দাবিয়ে রাখতে পারেনি।
শুক্রবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠে নূরউদ্দিন আহম্মেদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, খেলাধুলা নিয়ে রাজনীতি চলবে না। মাদককে না বলব এবং আমাদের ছেলেদেরকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করব। খেলাধুলার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যা যা কর্তব্য আমি তাই করব।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বেশ এগিয়ে। নারায়ণগঞ্জের মানুষ উন্নয়ন করতে জানে। মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং ফুটবল মাঠকে কাঁপাতে পারে। নারায়ণগঞ্জ থেকে অনেক খেলোয়ার অতীতে ও বর্তমানে ঢাকার মাঠ কাঁপিয়েছে। খেলাধুলার মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়াবে সেটা কেউ চায় না।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে নূরউদ্দিন আহম্মেদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইপিলিয়ান গ্রুপের এমডি ও শিল্পপতি রিয়াজউদ্দিন আল মামুন।
উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা ডকইয়ার্ড কর্মকর্তা ক্যাপ্টেন এম. নিয়ামত এলাহী, ইপিলিয়ান গ্রুপের পরিচালক জুনাইদ আবু সালেহ মুসা, ইপিলিয়ান গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার আরশাদ আলী চৌধূরী, লায়ন প্রকৌশলী এম, এ ওহাব, কদম রসুল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে নারায়ণগঞ্জ বঙ্গবীর সংসদ ও বন্দরের নৌবাহিনী ডকইয়ার্ড।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই