ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ঢিলেঢালা হরতাল : আটক ২

প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৭ জুন ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগে ফাঁসির রায় বহাল রাখায় ও আটক জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

বুধবার সকাল থেকে হরতালের সমর্থনে শহরের কোথাও জামায়াত নেতাকর্মীদের মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।  শহরে সবধরণের যানবাহন চলাচল করছে।  দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ মো. হাফিজুল্লাহ ও জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  তবে আটক জামায়াত কর্মীর নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে জানান, হরতালে যে কোনো ধরণের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস