ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০১ অক্টোবর ২০১৭

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

রোবাবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরীতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, দুইজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বিনাম উদ্দিনের ছেলে গোলাপ খান (৬০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ওমান প্রবাসী মো. জসিম উদ্দিন (৩৫), চান্দিনার বামনিখোলা গ্রামের শাহজাহানের ছেলে সুজন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। নূরিতলার একটি মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। পরে আশঙ্কাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

jagonews24

এদিকে দুর্ঘটনাস্থলে চান্দিনা ফায়ার স্টেশনের দমকল কর্মী, চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশের পৃথক টিম ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ সুপার (কুমিল্লা পূর্বাঞ্চল) পরিতোষ ঘোষসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেন তারা। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। বাকি আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি/আইআই