ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের জন্য বিএসএমএমইউ’র ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৫ অক্টোবর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিতে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফ্রি মেডিকেল টিম কাজ শুরু করেছে। অর্ধশতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত এ মেডিকেল টিমের নেতৃত্ব দিচ্ছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খাঁন।

বৃহস্পতিবার উখিয়ার বালুখালীতে রোগীদের ওষুধ বিতরণের মাধ্যমে বিএসএমএমইউ’র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে মন্ত্রী বালুখালীতে ২শ রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় ডা. কামরুল হাসান খাঁন বলেন, যতক্ষণ রোগী থাকবে ততক্ষণ চিকিৎসা সেবা দেয়া হবে। সব ধরনের রোগের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা এখানে এসেছি। দুই দিনের ক্যাম্প শেষে সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে দীর্ঘ পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, অসহায় ও রোগাক্রান্ত রোহিঙ্গাদের প্রাথমিক পর্যায়ে কুতুপালং ও বালুখালীর দুটি অস্থায়ী ক্যাম্পে বৃহস্পতিবার ও শুক্রবার চিকিৎসা দেয়া হবে। কুতুপালং ক্যাম্পে প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক (ডা.) একেএম মোশারফ হোসেন এবং বালুখালী ক্যাম্পে অধ্যাপক ডা. একেএম সালেক।

ডা. কামরুল হাসান খাঁন জানান, দুই ক্যাম্পে ১৫ জন অধ্যাপক ও কনসালটেন্টসহ মেডিকেল টিমে ডেন্টাল, ইন্টারনাল মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, চর্ম ও যৌনব্যাধি, জেনারেল শিশু, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নাক-কান-গলাসহ বিভিন্ন বিভাগের ৫০ জন চিকিৎসক সরাসরি চিকিৎসা কার্যক্রমে যুক্ত আছেন।

ঝুঁকি এড়াতে আক্রান্ত রোগীদের দ্রুত ক্যাম্পে চলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এতগুলো মানুষের মানবিক দায়িত্ব নিয়েছেন। তাই বিশেষজ্ঞ চিকিৎসক টিম সব সময় ক্যাম্পে সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া সরকারিভাবে ২০টি, বেসকারিভাবে ২০টি, সামরিক ভাবে ২০টি টিম কাজ করছে। চিকিৎসকরা রোহিঙ্গাদের চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধপত্র, ড্রাইফুড বিতরণসহ রোগীদের ইসিজি ও রক্ত পরীক্ষা করছেন। ২৫ আগস্ট থেকে প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেও তিনি জানান।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংসদ আশেক উল্লাহ রফিক, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/আরএআর/আইআই