ছাত্রদল নেতাকে জিজ্ঞাসাবাদ : পুকুর থেকে ফেনসিডিল উদ্ধার
নারায়ণগঞ্জে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল আলম আরিফের লীজকৃত পুকুর থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে শুক্রবার বিকেলে কাশিপুর শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে পুকুরে আরো বিপুল সংখ্যক ফেনসিডিল রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
গ্রেফতারকৃত আরিফ কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন ফকিরের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, গত ১৫ জুন পিকআপ, মটরসাইকেল এবং ফেনসিডিলসহ আরিফকে গ্রেফতার করা হয়। ওই সময় ফেনসিডিলের বিশাল একটি চালান অন্যত্র পাচার করায় পুলিশ অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি আরো জানান, পরে পাচারকৃত ফেনসিডিলগুলো উদ্ধারের লক্ষে আরিফকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়। তখন আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে শুক্রবার বিকেলে তারই লীজকৃত শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ওই পুকুরে আরো ফেনসিডিল রয়েছে কিনা তা পরবর্তীতে অভিযান চালানো হবে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর