ফতুল্লায় ট্রেন-লেগুনা সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুরের ভাঙ্গারপুল এলাকায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেল লাইনে একটি অবৈধ লেভেল ক্রসিং গেইটে ট্রেন ও হিউম্যান হলারের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে রেলওয়ের ডিটিও মাহবুব আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা গেছে, ২২ জুন রাত পৌনে ১১টায় ফতুল্লার পাগলা রসুলপুরের ভাঙ্গারপুল এলাকায় কমলাপুর-নারায়ণগঞ্জ রেল লাইনে একটি অবৈধ লেভেল ক্রসিং গেইটে হিউম্যান হলারকে নারায়ণগঞ্জমুখী ট্রেন ধাক্কা দিলে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১০-১২ জন আহত হয়েছেন।
ট্রেন ও হিউম্যান হলারের সংঘর্ষে নিহতরা হলেন, শাহজাহান, সিদ্দিকুর রহমান, রঞ্জিত দাসসহ অজ্ঞাত নামা আরো ২ জন। এ বিষয়ে রেলওয়ের জিএম মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, ফতুল্লার পাগলা ট্রেন-লেগুনা সংঘর্ষের ঘটনায় রেলওয়ের ডিটিও মাহবুব আলমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআই