ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল স্থলবন্দর শেডে বৃষ্টিতে নষ্ট হচ্ছে পণ্য

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৩ জুন ২০১৫

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বৃষ্টির পানি ঢুকে শেডে থাকা লাখ লাখ টাকার আমদানিকৃত মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘ এক যুগ আগে নির্মিত বন্দরের বেশিরভাগ শেড ভঙ্গুর অবস্থায় রয়েছে। যে কারণে শেডের মধ্যে সামান্য বৃষ্টি হলে পানি প্রবেশ করে আমদানিকারকদের আমদানি করা পণ্য ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।

রোববার ও সোমবারের বৃষ্টিতে ৯ নম্বর শেডে পাইপ ভেঙে পানি ঢুকে পড়ে। এতে ইউনিলিভারের আমদানি করা পাউডার ও এসিআইয়ের ধান-পাটের বীজসহ অন্যান্য রাখা মালামাল পানিতে ভিজে গেছে।

বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দরে ৩৫টি শেড রয়েছে। এছাড়া কেমিকেল রাখার জন্য আলাদা ৪টি শেড রয়েছে। এসব শেডের বেশিরভাগই ভঙ্গুর অবস্থায়। সম্প্রতি বৃষ্টি হওয়ায় বন্দরের ৯ নম্বর শেডে পাইপ ভেঙে পানি ঢুকে পড়ে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারছে না বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বেনাপোল স্থলবন্দরের শেডের পেছনে রয়েছে রেলপথ। সামনে আছে যশোর-কোলকাতা সড়ক। রেলপথের নীচ থেকে রয়েছে শেডের পানি নিষ্কাশন ব্যবস্থা। দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে ড্রেন ভরাট হয়ে পানি উপচে শেডের মধ্যে চলে আসছে।

ইউনিলিভারের প্রতিনিধি মোকলেসুর রহমান জানান, বৃষ্টির পানিতে আমাদের আমদানি করা পণ্য নষ্ট হয়েছে। আমরা বিষয়টি ইউনিলিভার ও বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি।



বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জাগো নিউজকে জানান, আমরা বন্দরের পরিচালককে দ্রুত বিষয়টি সমাধানে পদক্ষেপ নিতে বলেছি। তা না হলে বৃষ্টিতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। বন্দরের অধিকাংশ শেড জরাজীর্ণ। অনেক শেডে টিন দিয়ে পানি পড়ে। অনেক শেডের নিচ দিয়ে ঘাম ঝরে আমদানিকরা বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন জাগো নিউজকে জানান, ৯ নম্বর শেডে ড্রেনের পানি উপচে কিছু পণ্য ভিজে গেছে। তবে আমরা দ্রুত সংস্কার করার ব্যবস্থা নিচ্ছি।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর