ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে প্রাইম ওয়াশিং প্ল্যান্টের গোডাউন সিলগালা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২১ অক্টোবর ২০১৭

 

অনুমোদন ছাড়া এসিড ব্যবহারের অভিযোগে নারায়ণগঞ্জের প্রাইম ওয়াশিং প্ল্যান্টের গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার প্রোডাকশন ম্যানেজার মিলনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে অভিযানে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানে থাকা অন্যরা হলেন- এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত ফেরদৌস, সারাওয়াত মেহজাবিন, সদর অ্যাসিল্যান্ড প্রত্যয় হাসান, রিফাত ফেরদৌস ও জাহাঙ্গীর আলম।

এদিকে, শহরের বরফকল মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত প্রাইম ওয়াশিং প্ল্যান্টে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই এসিড ব্যবহারের অভিযোগে কারখানাটির কেমিক্যালের গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানাটির প্রোডাকশন ম্যানেজার মিলনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাশের প্রাইম জিনস কালচার নামের গার্মেন্টেও অভিযান চালানো হয়।

পরে রূপগঞ্জের মাহবুব স্পিনিং মিলের ভেতরে অবস্থিত জনলিং, সিআই ইন ও মিয়াংওয়ে নামের তিনটি চায়না ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

jagonews24

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল হামিদ মিয়া বলেন, মাদক, যানজট, আবাসিক হোটেল, রিসোর্ট, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি, পরিবেশগত ছাড়পত্র এবং এসিড লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে।

শনিবার প্রাইম ওয়াশিং প্ল্যান্টে অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই এসিড ব্যবহারের অভিযোগে কারখানাটির কেমিক্যালের গোডাউন সিলগালা করা হয়েছে। এছাড়া অন্যান্য যেসকল ত্রুটি ছিল সেগুলো সংশোধনের নির্দেশনা দেয়া হয়েছে।

আব্দুল হামিদ মিয়া আরও জানান, বিকেলে রূপগঞ্জের মাহবুব স্পিনিং মিলের ভেতরে অবস্থিত জনলিং, সিআই ইন ও মিয়াংওয়ে নামের তিনটি চায়না ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানিকে ভাড়া দেয়া প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

চায়না এই তিনটি প্রতিষ্ঠান কোনো প্রকার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া এবং এসিড লাইসেন্সবিহীন অবৈধ ইজিবাইকের ব্যাটারি উৎপাদন করছে। পরে চায়না এই তিনটি কোম্পানিকে সরকারি বিধিনিষেধ মেনে উৎপাদন করার জন্য সর্তক করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তিন কোম্পানির কর্মকর্তাও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে সঙ্গে সঙ্গে কারখানার উৎপাদন বন্ধ করে দেন। মাহবুব স্পিনিং মিলের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত দেন আগামী তিন দিনের সকল প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসনের কাছে উপস্থাপন করবেন এবং ব্যাটারি ফ্যাক্টরির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন তা নেয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ আরও জানান, কারখানাগুলোতে বেশ কিছু শ্রমিক কাজ করায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদের তিন দিনের সময় দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাজগপত্র না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি