টেকনাফে বাসা-বাড়িতে অভিযান, ১৭১ আটক
প্রশাসনিক নিষেধাজ্ঞার পরও টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাসা-বাড়িতে আশ্রয় দেয়ার অভিযোগে দু’জন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা মাঝিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান চালিয়ে ১৭১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। কক্সবাজারের টেকনাফের শামলাপুরের বিভিন্ন এলাকায় সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোহিঙ্গা আশ্রয়দাতা হিসেবে সাজাপ্রাপ্তরা হলেন- শামলাপুর এলাকার আবদুল মাবুদ ও জুহুর আলম এবং রোহিঙ্গা মাঝির সাকিব।
র্যাবের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সরওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেজর রুহুল আমিন জানান, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। আর আটকদের বালুখালী ও কুতুপালং ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকে রোহিঙ্গাদের এক জায়গায় রাখার উদ্যোগ নেয় প্রশাসন। সেভাবে সবকিছু এগিয়ে নেয়া হয়। উদ্যোগ সফল করতে কোনো রোহিঙ্গাদের ব্যক্তিগতভাবে স্থান না দিতে স্থানীয়দের প্রতি নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়েছে।
এরপরও নানা স্থানে বাংলাদেশি ও রোহিঙ্গা দালালরা মিলে রোহিঙ্গারে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ আসছে। তার ভিত্তিতেই সোমবার অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি