বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে : আইভী
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুই সপ্তাহ আগে একনেকের একটি মিটিংয়ে ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলার জন্য জালকুড়ি দশ পাইপ এলাকায় একটি ডাম্পিং স্টেশন করা হবে। সেই ময়লা আবর্জনা প্রসেসিং করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
সোমবার সিদ্ধিরগঞ্জে নাসিক ৯নং ওয়ার্ড জালকুড়ি এলাকাতে সাড়ে ১৪ কোটি টাকার ড্রেন ও রাস্তা নির্মাণ উদ্ধোধন উপলক্ষে আয়োজিত এক সভায় মেয়র আইভী এসব কথা বলেন।
তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়কে ১০ একর জায়গা দিতে হবে। যার জন্য এই এলাকায় জমি অধিগ্রহণ করা হবে। খুব শিগগিরই জমি অধিগ্রহণ শুরু হবে। বর্তমান জমির সরকারি যে মূল্য আছে তার চাইতে তিনগুন মূল্য জমির মালিকদের দেয়া হবে।
এদিন নাসিক ৯নং ওয়ার্ডের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পেছনে একটি রাস্তা, জালকুড়ি উত্তর পাড়ায় ড্রেন, নাইনতার পার এলাকায় ড্রেন, সিকাদার বাড়ি পুল এলাকায় ড্রেন, মধুগড় এলাকায় ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এ সময় ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস