ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রিমান্ড শেষে জামায়াতের ১৩ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০১৭

নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ১৩ জনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন বিচারক।

কোর্ট পুলিশের এসআই হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত শুনানি শেষে ১৩ আসামিকে জেলা কারাগারে প্রেরণ করেছেন।

এরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা সাইফুদ্দিন মনির, সাহাবুদ্দিন, বশিরুল হক, এসএম নাসির উদ্দিন, সাইদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, জামাল উদ্দিন, কফিল উদ্দিন, জাকির হোসেন, জাকির হোসেন-২ ও শহিদ মিয়া।

এরআগে ২৪ জনের বিরুদ্ধে গত শনিবার সকালে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই রাজু মন্ডল বাদী হয়ে নাশকতামূলক ও ধ্বংসাত্মক কাজ করার প্রস্তুতি ও পরিকল্পনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ১৩ জনকে গত শনিবার দুপুরে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একইদিন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে শুনানি শেষে তাদের তিন দিনের মঞ্জুর করেন বিচারক।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মাওলানা মাঈনুদ্দিন আহমেদের হাজীগঞ্জের বাসায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কাজ করার প্রস্তুতি ও পরিকল্পনা করার সময় গত শুক্রবার সকালে ১৩ জনকে গ্রেফতার করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইকবাল আহাম্মেদ শ্যামল, কয়েস, সাব্বির, মজিবুর রহমান মিয়াজী, অ্যাডভোকেট মাইনুদ্দিন, আবু সাইদ মুন্না, আব্দুল হাই, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, বশির উল্লাহ, আব্দুল্লাহ আল বাকী ও আব্দুল মালেকসহ অজ্ঞাত আরও ৪/৫জন।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম