ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লা স্টেডিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত ২০

প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৩ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি টপকে ভিতরে প্রবেশকালে দর্শকদের লাঠিপেটা করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ২০ দর্শক আহত হয়েছেন। শুক্রবার (৩জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিসিবি একাদশের টি-২০ খেলার আয়োজন করা হয়। এদিন স্টেডিয়ামে প্রবেশ সবার জন্য উন্মুক্ত রাখা হয়। উন্মুক্ত রাখার কারণে দুপুর থেকেই হাজার হাজার দর্শক স্টেডিয়ামের আশেপাশে ভিড় জমায়। দুপুর ১টার মধ্যেই পুরো স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়। কিন্তু তখনো শত শত দর্শক বাইরে থেকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে।

তারা আরো জানান, একপর্যায়ে স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম গ্যালারির ব্যারিকেড টপকানোর চেষ্টা করে দর্শকরা। এ সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা তাদের লাঠিচার্জ করে। এ সময় দর্শকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইটপাটকেল ছুঁড়ে। পরে অতিরিক্ত র্যাব-পুলিশ সদস্য স্টেডিয়ামে এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় পুলিশের লাঠিচার্জে ২০ দর্শক গুরুতর আহত হন। পরে তাদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সরফউদ্দিন জাগো নিউজকে জানান, দর্শকদের অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা উত্তেজনা ছিল। পরে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি তিনি অস্বীকার করেন।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই