ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেকুয়া থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৭

কক্সবাজারের লিংকরোড এলাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। এ সময় অপহরণে জড়িত সন্দেহে মোক্তার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অপহৃত ব্যবসায়ীর নাম সুরত আলম। তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের কম্বলিয়া পাড়া এলাকার বাসিন্দা। তবে পরিবারসহ দীর্ঘদিন লিংকরোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকার ও শিমুল বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধারে চিরুনি অভিযান চালায়। পরে রাত ৮টার দিকে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশি অভিযানের মুখে অপহৃতকে ফাঁসিয়াখালী এলাকায় ছেড়ে দিয়ে অপহরণকারীরা সটকে পড়েন বলে জানিয়েছেন এসআই উত্তম কুমার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোক্তার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপহরণকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এএম/আইআই