বেনাপোলে ২৬ স্বর্ণের বারসহ আটক ২
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যারা।
শুক্রবার সকাল ১০টার দিকে বেনাপোল সীমান্তের ছোট আচড়া মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন, বেনাপোলের পুটখালী গ্রামের রেজাউল হোসেনের ছেলে বিল্লাল (৩০) ও আলী হোসেনের ছেলে ইমরান (৩২)।
বিজিবি জানায়, গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের ছোট আচড়া নামক স্থান থেকে দুই যুবককে আটক করে। তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৪ কেজি ২৫০ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেরাচলানীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
মিলন রহমান/এফএ/আইআই