ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাইকে মারধর করে তুলে নিয়ে গেল বোনকে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:২৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে টঙ্গীর বড় দেওড়া এলাকায় ভাইকে মারধর করে বোনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে সাজিব সরকার নামে এক বখাটে ও তার সহযোগীরা। অপহৃত ইয়াসমিন ইভা (১৪) সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

ইভার বাবা বাবুল সরকার বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার বখাটে সাজিব সরকার তার মেয়ে ইভাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি সাজিবের মা-বাবাকে জানালে সে আরও বেপরোয়া হয়ে ইভাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। উপায় না পেয়ে পরিবারের সদস্যরা ইভাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেয়। মামার বাড়ি থেকে ইভাকে প্রতিদিন তার মামাতো ভাই সুমন স্কুলে আনা-নেয়া করতো।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুমন তার বোন ইভাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় স্থানীয় আক্কেল আলী বাতেনের বাড়ির সামনে সাজিব সরকারসহ তার সহযোগী ৬-৭ যুবক মোটরসাইকেল ও মাইক্রোবাসে পথরোধ করে অস্ত্রের মুখে ইভাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ সময় বাধা দিলে যুবকরা সুমনকে বেধড়ক মারধর করে। তার ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এলে অপহরণকারীরা ইভাকে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে আহত সুমনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ইভার বাবা বাবুল সরকার বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেছেন।

এ বিষয়ে টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, আমরা অপহৃত স্কুলছাত্রীর বাবার দায়ের করা একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

আরও পড়ুন